
নারায়ণগঞ্জের ফতুল্লায় অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ছড়া সংসদ’-এর সাহিত্য সভা। অদ্য ১৮ই এপ্রিল, শনিবার বিকাল ৩টায় ফতুল্লার ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে দেশের বরেণ্য কবি, ছড়াকার ও সাহিত্যিকদের পদচারণায় মুখরিত ছিল এই আয়োজন।
সাহিত্য সভাটির উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার ডা. মতিউর রহমান মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরেণ্য ছড়াকার আতিক হেলাল। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চির সবুজের কবি ও প্রখ্যাত গীতিকার প্রফেসর মো. আমির হোসেন। শিশুসাহিত্যিক ও শিক্ষক ডা. নজরুল ইসলাম শান্তুর সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক ছিলেন মনন সাহিত্য সংগঠনের সভাপতি এস এ শামীম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীন এবং ধ্রুব সাহিত্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রখ্যাত নাট্যকার আলহাজ্ব মুহম্মদ জালাল উদ্দিন নলুয়া, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফি, লুৎফা জালাল, মিনতি বসাক, শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হিরা, জাহাঙ্গীর ডালিম, মুখলেসুর রহমান তোতা, মাহফুজ ইকরাম, নূরজাহান নীরা, ওমর ফারুক আল মামুন, নূর ইসলাম বাদল, তাজুল ইসলাম কাজল এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুব কামাল, ইসরাত রুবাইয়াত, মো. অলিউল্লাহ অলি, হাফেজ আব্দুল করিম ও আল আমিন বৈরাগী।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন সজীব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বরচিত লেখা পাঠের আসর, যেখানে প্রায় ৫৫ জন কবি ও লেখক তাদের চমৎকার সব ছড়া ও কবিতা পাঠ করে দীর্ঘ সময় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। মীর হাসান মাহমুদ সুপ্ত ও মীর রিদোয়ান আহমেদ নিঝুমের সার্বিক পরিচালনায় এই সাহিত্য সভাটি স্থানীয় সাহিত্যানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।