
দৈনিক আজকের নীরবাংলা কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে লোককবি আব্দুল হাই মাশরেকীর জন্ম স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সম্মিলিত সাহিত্য জোট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি হামিদ কাফি, ডা. মো. মিজানুর ঈমান মোল্লা, মো. আফসার মামুন, ইয়াদী মাহমুদ, সুকুমার মন্ডল, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মিন্টু, ডা. বশির আহম্মেদ তুষার, তামিম ইকবাল, গাউস, নূরজাহান নীরা, সোবাহান মাসুদ, মো. বশির খান, মো. নঈম মাশরেকী, মিজান মাহমুধ, তৌহিদুল আবেদীন এবং নোমান আল কাদরীসহ আরও অনেকে।
বক্তারা তাদের আলোচনায় বলেন, আব্দুল হাই মাশরেকী ছিলেন বাংলার মাটি ও মানুষের অকৃত্রিম কবি। তার লেখনীতে কৃষকের জীবনসংগ্রাম, শ্রমজীবী মানুষের বেদনা এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের চিত্র জীবন্ত হয়ে ফুটে উঠেছে। বিশেষ করে তার কালজয়ী সৃষ্টি “আল্লাহ্ মেঘ দে পানি দে, ছায়া দে না তুই” গানটি পরিবেশনের সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কবিপুত্র নাঈম মাশরেকী তার বাবার স্মৃতিচারণ করে বলেন, “আমার বাবা মানুষের দুঃখ-কষ্টকে নিজের হৃদয়ে ধারণ করে শব্দের মাধ্যমে প্রকাশ করতেন। তার সৃষ্টি আজও আমাদের মাঝে তাকে জীবন্ত করে রেখেছে।” কবি হামিদ কাফি এবং ইয়াদী মাহমুদ তাদের বক্তব্যে লোকসংস্কৃতি সংরক্ষণের ওপর জোর দিয়ে বলেন, নতুন প্রজন্মের কাছে এই মহান কবির আদর্শ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে কবির জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং তরুণ শিল্পীরা তার গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।