দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে খ্যাতির এই মধ্যগগনে থাকা অবস্থাতেই একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে বড়সড় ধাক্কা খেলেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ছবি ব্যবহারের অভিযোগে অভিনেত্রী এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন, যা সম্প্রতি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ উচ্চ আদালত।
ঘটনার সূত্রপাত ২০০৮ সালে। ওই বছরের ৭ অক্টোবর একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তামান্নার ৬.২ কোটি রুপির একটি বিশাল চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত ওই সাবানের মোড়ক এবং প্রচারে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই পণ্যটির বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করে আসছিল।
তামান্না ভাটিয়া দাবি করেন, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করায় জনসমক্ষে তার পেশাদার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিষয়টিকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট সংস্থার কাছে এক কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। উল্লেখ্য, একপর্যায়ে বিজ্ঞাপনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় সংস্থাটি তামান্নার ছবি সংবলিত প্রচার সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।
মাদ্রাজ উচ্চ আদালত এই ক্ষতিপূরণের আবেদনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তবে মামলার রায়ে আদালত জানান, তামান্না ক্ষতিপূরণ দাবির সপক্ষে যেসব নথি ও তথ্যপ্রমাণ পেশ করেছেন, তা যথেষ্ট বা আইনগতভাবে শক্তিশালী নয়। পর্যাপ্ত প্রমাণের অভাব থাকায় আদালত অভিনেত্রীর এক কোটি রুপির এই ক্ষতিপূরণের আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এই রায়ের ফলে দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ে আপাতত পরাজয় মেনে নিতে হলো তামান্নাকে।
বিনোদন ডেস্ক